শ্যামনগর উপজেলা প্রতিনিধি 13 November 2026 , 5:46:45 প্রিন্ট সংস্করণ
সাতক্ষীরার শ্যামনগরে খোলপেটুয়া নদীতে অভিযান চালিয়ে ড্রেজারসহ চারটি বোট জব্দ করেছে উপজেলা প্রশাসন। এসময় খোলপেটুয়া নদীর তীরবর্তী আবু মুছা ও কামরুজ্জামান কোম্পানীসহ মোট সাতটি প্রতিষ্ঠানের বালুর গাঁদা জব্দ করা হয়েছে। এছাড়া অবৈধভাবে উত্তোলনকৃত বালু ক্রয়-বিক্রয়ে জড়িত আবু মুছা কোম্পানীর ম্যানেজার আনিছুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রিপন বিশ্বাসসহ শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামছুজ্জাহান কনক, সহকারী কমিশনার (ভুমি) মোঃ মনিরুজ্জামান অভিযানের নেতৃত্ব দেন। এসময় আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুসালেহ বাবু, উপ-পরিদর্শক সনজিত ছাড়াও শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আছাদুজ্জামান লিটন, সহ উপজেলা প্রশাসন এবং শ্যামনগর থানার ও বুড়ি গোয়ালিনী নৌ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানায় ইজারা না থাকার পরেও কিছু অসাধু চক্রে নেতৃত্বে খোলপেটুয়া নদী থেকে বালু উত্তোলন করছিল। বিষয়টি নিয়ে সুধী মহলসহ স্থানীয় গ্রামবাসীরা প্রশাসনের কাছে ভাঙনের শংকার কথা জানিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে আবেদন করে। একপর্যায়ে শ্যামনগর উপজেলা প্রশাসন গত ৯ নভেম্বর থেকে খোলপেটুয়া নদীতে আকস্মিক অভিযান শুরু করে।
এদিকে ভ্রাম্যমান আদালত সুত্র নিশ্চিত করে জানায় বৃহস্পতিবার সকাল থেকে ভ্রাম্যমান আদালতের অভিযান শুরু হয় খোলপেটুয়া নদীতে। একপর্যায়ে তারা খোলপেটুয়া নদীর বিভিন্ন স্থান থেকে ড্রেজারস্থাপনকৃত অবস্থায় চারটি ইঞ্জিনচালিত বোট জব্দ করে। পরবর্তীতে নওয়াবেঁকী ও আটুলিয়া ইউনিয়নের বড় কুপট এলাকায় নদীর চরে গড়ে তোলা বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকানাধীন সাতটি বালুর গাঁদা জব্দ করে। এসময় আবু মুছার মালিকানাধীন প্রতিষ্ঠানের ম্যানেজার আনিছুর রহমানকে আটক করা হয়। পরবর্তীতে দুই মাসের কারাদন্ড অনাদায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় তাকে।
ভ্রাম্যমান আদালত সুত্র আরও জানায় জব্দকৃত বালুর গাঁদা ও ইঞ্জিনচালিত বোটগুলো স্থানীয় চেয়ারম্যান ও সহহারী ইউনিয়ন ভুমি কমকর্তার হেফাজতে রাখা হয়েছে। পরবর্তীতে দাম নির্ধারণ করে তা প্রকাশ্যে নিলামে বিক্রির পর সমুদয় অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হবে। সমুদয় অভিযান চালিয়ে ড্রেজারসহ চারটি বোট জব্দ করেছে উপজেলা প্রশাসন। এসময় সকল ইউনিয়ান পরিষদ চেয়ারম্যান আবু সালেহ বাবু ও ইউনিয়ন ভূমি কমকর্তা জিম্মা রাখা হয়েছে।

















