শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি 21 August 2026 , 4:10:03 প্রিন্ট সংস্করণ
সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় ফুটবল খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। খেলাধুলার প্রতি তরুণদের আগ্রহ বাড়ানো এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়ার মানোন্নয়নের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।
শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৪টায় উপজেলার জমিদারবাড়ী ফুটবল মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ২০ জন ফুটবল খেলোয়াড়ের মাঝে ফুটবল খেলার বুট বিতরণ করা হয়।
ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে খেলোয়াড়দের হাতে বুট তুলে দেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক। এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক সোলাইমান কবির, সদস্য সচিব আশেক এলাহি মুন্না, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক লিয়াকত আলী বাবু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল ইমাম আজম মনির, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. নুরুজ্জামান এবং উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মনিরুজ্জামান সোহাগসহ স্থানীয় ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তরুণদের মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্থানীয় পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড়দের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে তারা জাতীয় পর্যায়ে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখতে সক্ষম হবে।
উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে খেলোয়াড়রা বলেন, প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী পেয়ে তারা উৎসাহিত হয়েছেন। ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করেন তারা।

















