বিশেষ প্রতিনিধি 25 September 2026 , 3:27:02 প্রিন্ট সংস্করণ
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের অভয়ারণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলেকে আটক করেছে বন বিভাগের স্মার্ট পেট্রোল টিম। এ সময় একটি ডিঙি নৌকা, আনুমানিক ১৫০ কেজি সাদা মাছ ও মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সুন্দরবনের নটাবেঁকী এলাকার রায়মঙ্গল নদীর সাইটখাল এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা এরফান আলী জানান, স্মার্ট পেট্রোল টিম সাতক্ষীরা-১-এর অভিযানে অভয়ারণ্য এলাকায় মাছ ধরার সময় চার জেলেকে আটক করা হয়। তারা হলেন উপজেলার বোশখালী গ্রামের মো. আল আমিন মোল্যা, পার্শ্বেমারী গ্রামের মো. মোমিনুল ইসলাম, কবিজুল ও ছুরাত জামাল গাজী।
আটকের সময় তাদের কাছ থেকে একটি ডিঙি নৌকা, প্রায় ১৫০ কেজি সাদা মাছ, একটি পাটা, দাঁড়-বৈঠা, করাতসহ মাছ ধরার অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।
বন বিভাগের স্মার্ট পেট্রোল টিম সাতক্ষীরা-১-এর কর্মকর্তা শফিকুল ইসলাম সাঈদের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

















