শ্যামনগর উপজেলা প্রতিনিধি 24 July 2026 , 2:59:12 প্রিন্ট সংস্করণ
সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ওঠা নৈতিক স্খলনের অভিযোগের প্রতিবাদ এবং তাঁর সংসদ সদস্য পদ থেকে বহিষ্কারের দাবিতে টানা তৃতীয় দিনের মতো শ্যামনগরের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও কুশপুত্তলিকা দাহ কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) সকাল ১০টায় বুড়িগোয়ালিনী ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে ও ‘বুড়িগোয়ালিনীর সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এতে স্থানীয় সাধারণ মানুষসহ বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগের তীব্র নিন্দা জানিয়ে বলেন, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
বুড়িগোয়ালিনী সচেতন নাগরিক সমাজের আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন জি. এম. রুস্তম আলী, আবু হোসেন, কুদ্দুস মালী, জামাল হোসেন, সিরাজুল ইসলাম, আবুজার হোসেন, ফজলুল করিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এদিকে সকাল ১১টায় মুন্সিগঞ্জ বাজারে স্থানীয় জনগণের অংশগ্রহণে আরেকটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে বিকেল ৫টায় বংশীপুর বাজারে সচেতন নাগরিক সমাজ-এর উদ্যোগে বিক্ষোভ মিছিল শেষে এমপি গাজী নজরুল ইসলামের কুশপুত্তলিকা দাহ করা হয়।
বংশীপুর বাজারে গ্রাম্য চিকিৎসক ডা. জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ব্যবসায়ী আমিরুল ইসলাম, মুনজুর হোসেন, বাপ্পী মণ্ডল, দেবদাস মণ্ডল, খাইরুল ইসলাম, তৌহিদ হোসেনসহ আরও অনেকে।
বক্তারা বলেন, একজন জনপ্রতিনিধির বিরুদ্ধে এ ধরনের অভিযোগ জনগণের আস্থাকে প্রশ্নবিদ্ধ করে। তাই তাঁকে সংসদ সদস্য পদ থেকে বহিষ্কারসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
তৃতীয় দিনের ধারাবাহিক এসব কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে অভিযুক্ত এমপির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

















