এম এ রশিদ শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি 15 July 2026 , 10:02:14 প্রিন্ট সংস্করণ
সাতক্ষীরার শ্যামনগরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন মেয়াদবিহীন ও মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী সংরক্ষণ ও বিক্রির অভিযোগে তিনটি বেকারিকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী তাৎক্ষণিকভাবে বিনষ্ট করা হয়।
জানা গেছে সম্প্রতি দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকায় শ্যামনগরের কয়েকটি বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও উৎপাদনের তারিখ না দেয়ায় সংবাদ প্রকাশিত হয়। এর পর বিষয়টি আমলে নিয়ে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জাহান কনক অভিযান পরিচালনা করেন। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫২ ধারায় নকিপুরের নিউ সুন্দরবন বেকারিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং খাদ্যপণ্যে মেয়াদের তথ্য উল্লেখ না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই অভিযানে নকিপুরের রয়েল ফুডস অ্যান্ড বেকারিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, মেয়াদবিহীন খাদ্যপণ্য সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী রাখার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উদ্ধার হওয়া মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী জব্দ করে ধ্বংস করা হয়।
এছাড়া নূরনগর বাজারের সোনার বাংলা বেকারিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন মেয়াদবিহীন খাদ্যপণ্য সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী রাখার দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রীও বিনষ্ট করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক বলেন নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বাস্থ্যের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
















