সারাদেশ

সাতক্ষীরার কৃষকের ছেলে হলেন সহকারী জজ আনন্দে ভাসছে পরিবার

  বিশেষ প্রতিনিধি 25 September 2026 , 3:06:41 প্রিন্ট সংস্করণ

একজন কৃষক বাবা, গৃহিণী মা। নিজেরা খুব বেশি দূর পড়াশোনা করতে পারেননি। কিন্তু স্বপ্ন দেখেছিলেন সন্তানদের উচ্চশিক্ষায় শিক্ষিত করার। সেই স্বপ্ন পূরণে জীবনের পরিশ্রম, ত্যাগ আর ভালোবাসা দিয়ে সন্তানদের এগিয়ে নিয়েছেন তাঁরা। অবশেষে সেই স্বপ্নের পথে এলো এক গর্বের অর্জন। কৃষক পরিবারের সন্তান শেখ আসিফ হোসেন ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সহকারী সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তাঁর এই সাফল্যে আনন্দে ভাসছে পরিবার, আত্মীয়স্বজন, শিক্ষক, বন্ধুবান্ধব ও গ্রামের মানুষ।

শেখ আসিফ হোসেন সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানার প্রত্যন্ত গ্রাম বড় কাশিপুরের সন্তান। তাঁর বাবা শেখ জিল্লুর রহমান একজন কৃষক এবং মা ফরিদা খাতুন গৃহিণী। সীমিত সামর্থ্যের মধ্যেও সন্তানদের পড়াশোনার প্রতি তাঁদের আন্তরিকতা ও নিরলস প্রচেষ্টা আসিফের এই সাফল্যের পেছনে বড় প্রেরণা হয়ে রয়েছে।

গ্রামের কাশিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে এসএসসি এবং পাটকেলঘাটা হারুণ-অর-রশিদ মহাবিদ্যালয় থেকে এইচএসসি সম্পন্ন করেন তিনি। পরে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে সফলতার সঙ্গে এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। দীর্ঘ শিক্ষাজীবনের পথ পেরিয়ে এবার ১৮তম বিজেএস পরীক্ষায় সহকারী সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত হয়ে পরিবারের স্বপ্নকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন।

নিজের এই অর্জনে মহান রবের প্রতি শুকরিয়া আদায় করেছেন শেখ আসিফ হোসেন। একই সঙ্গে বাবা-মা, ভাই-বোন, শিক্ষকমন্ডলী, বন্ধুবান্ধব ও গ্রামবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। সবার দোয়া ও ভালোবাসা কামনা করেছেন।

একজন কৃষক বাবার সন্তান থেকে সহকারী সিভিল জজ হওয়ার এই যাত্রা শেখ আসিফ হোসেনের ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি তাঁর বাবা-মায়ের দীর্ঘদিনের স্বপ্ন পূরণেরও গল্প। সন্তানের এমন অর্জনে তাঁদের বুকভরা গর্ব আর চোখের কোণে জমে থাকা আনন্দাশ্রুই যেন বলে দেয়, সন্তানকে মানুষ করার জন্য করা ত্যাগ কখনো বৃথা যায় না।

আরও খবর

Sponsered content