জামালপুর প্রতিনিধিঃ 5 September 2026 , 3:56:17 প্রিন্ট সংস্করণ
দরিদ্র ও অসহায় পরিবারকে স্বাবলম্বী করে তুলতে জামালপুর সদর উপজেলার তুলশীচর ইউনিয়নে দশটি হতদরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ করেছে সামাজিক ও মানবিক সংগঠন Unity CareX।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) তুলশীচর ইউনিয়নের ডৌয়াতলা সাখাওয়াত হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে এ ছাগল বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য হলো, দরিদ্র পরিবারের সদস্যদের আয় বৃদ্ধির পাশাপাশি দীর্ঘমেয়াদে তাদের স্বাবলম্বী করে তোলা।
অনুষ্ঠানে Unity CareX-এর চেয়ারম্যান সৌরভ নির্ভান বলেন, শুধু এককালীন সহায়তা প্রদান নয়, দরিদ্র পরিবারগুলোর জন্য স্থায়ী আয়ের সুযোগ সৃষ্টি করাই তাদের মূল লক্ষ্য। ছাগল পালনের মাধ্যমে উপকারভোগী পরিবারগুলো ভবিষ্যতে নিজেদের আয় বাড়াতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ সময় সংগঠনের অন্যতম সদস্য শহর আলী বলেন, মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
ছাগল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Unity CareX-এর চেয়ারম্যান সৌরভ নির্ভান, বিশেষ অতিথি চ্যানেল আই সেরাকণ্ঠ তারকা তরিক মৃধা, সংগঠনের সদস্য জাফর ইকবাল, লুৎফর রহমান লিখন, শেখ ফরিদসহ অন্যান্য সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজকরা জানান, দরিদ্র পরিবারকে শুধু সাময়িক সহায়তা দেওয়ার পরিবর্তে তাদের আয় করার সুযোগ তৈরি করে দেওয়ার মাধ্যমে জীবনমানের ইতিবাচক পরিবর্তন আনাই Unity CareX-এর অন্যতম লক্ষ্য। এ ধরনের মানবিক ও স্বাবলম্বীকরণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
ছাগল পেয়ে উপকারভোগী পরিবারের সদস্যরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এই সহায়তা তাদের পরিবারের আর্থিক সংকট কাটিয়ে উঠে নিজেদের পায়ে দাঁড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
















