সারাদেশ

কালিগঞ্জে গরুর ও ছাগল-ভেড়ার পিপিআর প্রতিরোধে বিনামূল্যে টিকাদান

  কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: 13 August 2026 , 10:25:55 প্রিন্ট সংস্করণ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ও তারালী ইউনিয়নে গরুর ক্ষুরারোগ এবং ছাগল-ভেড়ার পিপিআর রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৭টায় বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের ক্লাইমেট অ্যাকশন অ্যাট লোকাল লেভেল (কল) প্রকল্প ও উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর (সাপুইপাড়া) এবং তারালী ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামে কয়েক শতাধিক পরিবারের গৃহপালিত পশু-পাখির সুরক্ষায় বিনামূল্যে ক্ষুরারোগ ও পিপিআর রোগের প্রতিষেধক টিকা দেওয়া হয়।

টিকাদান কর্মসূচিতে দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের এআই টেকনিশিয়ান মো. ইমরানুল ইসলাম, তারালী ইউনিয়নের এআই টেকনিশিয়ান তপন সরকার এবং পরিদর্শক হিসেবে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) মো. মাহবুবুর রশীদ ও মো. মুজিবর রহমান উপস্থিত ছিলেন।

এছাড়া লিডার্সের কল প্রকল্পের প্রজেক্ট অফিসার সুব্রত কুমার গাইন, ফিল্ড অফিসার সুমন ঢালী, মোসলেমা পারভীন, তৃষা দত্ত, আনিছুর রহমানসহ সংশ্লিষ্টরা কর্মসূচিতে উপস্থিত থেকে টিকাদান কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করেন।

উপকূলীয় এ জনপদের মানুষের জীবন-জীবিকার একটি বড় অংশ গৃহপালিত পশু পালনের ওপর নির্ভরশীল। বিশেষ করে প্রান্তিক ও কৃষিনির্ভর পরিবারগুলোর জন্য গরু, ছাগল ও ভেড়া পালন আয়ের অন্যতম উৎস। বিভিন্ন সময়ে রোগবালাইয়ের কারণে এসব গৃহপালিত প্রাণী মারা যাওয়ায় ক্ষতির মুখে পড়তে হয় অনেক পরিবারকে।

এ অবস্থায় ক্ষুরারোগ ও পিপিআর-এর মতো সংক্রামক রোগ প্রতিরোধে সময়োপযোগী টিকাদান কর্মসূচি গ্রহণ করায় স্থানীয় খামারি ও পশুপালনকারীদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। তারা মনে করছেন, নিয়মিত টিকাদানের মাধ্যমে গবাদিপশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি পরিবারের আয় ও জীবন-জীবিকা সুরক্ষিত রাখা সম্ভব হবে।

এলাকাবাসী বলেন, উপকূলীয় অঞ্চলের প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে গৃহপালিত পশুর স্বাস্থ্য সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লিডার্সের উদ্যোগে এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকলে কালিগঞ্জের পশুপালনকারী পরিবারগুলো আরও উপকৃত হবে।

আরও খবর

Sponsered content