শ্যামনগর উপজেলা প্রতিনিধি 26 July 2026 , 7:07:36 প্রিন্ট সংস্করণ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১২০ নম্বর দক্ষিণ ছোট কুপট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে বিদ্যালয়ের ছাদে পানির ট্যাংক পরিষ্কার করতে পাঠানোর পর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হওয়ার ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সংশ্লিষ্ট সহকারী শিক্ষককে কৈফিয়ত তলব করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার।
জানা গেছে, গত ২২ জুলাই ২০২৬ তারিখে বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের নির্দেশে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মো. ইয়ামিন হোসেনকে বিদ্যালয়ের ছাদে থাকা পানির ট্যাংক পরিষ্কার করার জন্য পাঠানো হয়। ট্যাংক পরিষ্কার করার সময় একপর্যায়ে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হলে বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. এনামুল হক হাসপাতালে গিয়ে আহত শিক্ষার্থীকে দেখে ঘটনার সত্যতা নিশ্চিত হন। পরবর্তীতে ২৩ জুলাই ২০২৬ তারিখে তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম এবং সংশ্লিষ্ট সহকারী শিক্ষক নাজমুন নাহার আক্তারকে কারণ দর্শানোর নোটিশ (কৈফিয়ত তলব) প্রদান করেন।
নোটিশে উল্লেখ করা হয়, কেন একজন শিক্ষার্থীকে বিদ্যালয়ের পানির ট্যাংক পরিষ্কারের মতো ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত করা হলো—এ বিষয়ে আগামী এক কার্যদিবসের মধ্যে সন্তোষজনক লিখিত ব্যাখ্যা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নিকট দাখিল করতে হবে।

















