বিশেষ প্রতিনিধি 28 July 2026 , 4:08:40 প্রিন্ট সংস্করণ
সাতক্ষীরার শ্যামনগরে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় উপজেলার সরকারি খাদ্যগুদামের সম্মুখের প্রধান সড়কে সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন আব্দুল মজিদ, ইদ্রিস হাজী, গাজী শাহ আলম, ছাবিনা খাতুন, মমতাজ বেগম, এবাদুল ইসলাম প্রমুখ।
এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো নারী ও পুরুষ অংশগ্রহণ করেন। এ সময় প্রধান সড়কের উভয় পাশে অবস্থান নিয়ে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং গাজী নজরুল ইসলামের পদত্যাগের দাবি জানান। এতে কিছু সময়ের জন্য এলাকায় জনসমাগমের সৃষ্টি হলেও পরিস্থিতি শান্তিপূর্ণ ছিল।
কর্মসূচিতে উপস্থিত বক্তারা বলেন, একজন জনপ্রতিনিধির ব্যক্তিগত আচরণ ও নৈতিক অবস্থান জনগণের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক তরুণীর সঙ্গে গাজী নজরুল ইসলামের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর জনমনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তারা দাবি করেন, বিষয়টির নৈতিক দায় স্বীকার করে তার সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়ানো উচিত।
বক্তারা আরও বলেন, জনগণের আস্থা ও জনপ্রতিনিধিত্বের মর্যাদা অক্ষুণ্ন রাখতে এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ জরুরি। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক তরুণীর সঙ্গে গাজী নজরুল ইসলামের একটি অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে সাংসদ গাজী নজরুল ইসলাম আলোচিত তরুণীকে নিজের দ্বিতীয় স্ত্রী দাবি করেন। এ বিষয়ে জামাতে ইসলামীর পক্ষের থেকে তদন্ত করে গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার করে। এমতাবস্থায় গত ২২জুলাই থেকে এলাকার সচেতন মহলের আয়োজনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে লাগাতার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এ বিষয়ে সচেতন মহলের দাবি অনতিবিলম্বে গাজী নজরুল ইসলাম সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ না করলে আরও কঠোর থেকে কঠোরতম কর্মসূচি দেয়া হবে।

















