কালিগঞ্জ প্রতিনিধি: 12 August 2026 , 12:40:18 প্রিন্ট সংস্করণ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর, বিষ্ণুপুর ও নলতা ইউনিয়নে গবাদিপশু ও প্রাণিসম্পদ সুরক্ষায় বিনামূল্যে টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের ক্লাইমেট অ্যাকশন অ্যাট লোকাল লেভেল (কল) প্রকল্প ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে বুধবার (১২ আগস্ট) সকাল ৭টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির আওতায় কৃষ্ণনগর ইউনিয়নের বেনাদোনা (ঢালীপাড়া), বিষ্ণুপুর ইউনিয়নের চাঁচাই এবং নলতা ইউনিয়নের ঘোনা গ্রামে কয়েক শতাধিক পরিবারের গৃহপালিত গবাদিপশু ও ছাগল-ভেড়াকে গরুর ক্ষুরারোগ এবং ছাগল-ভেড়ার পিপিআর রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকা দেওয়া হয়।
টিকাদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর ইউনিয়নের এআই টেকনিশিয়ান মো. মুনছুর আলী, বিষ্ণুপুর ইউনিয়নের এআই টেকনিশিয়ান মো. সাইফুল ইসলাম, নলতা ইউনিয়নের এআই টেকনিশিয়ান প্রসেনজিৎ ঘোষ। পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) মো. মাহবুবুর রশীদ ও মো. মুজিবর রহমান। এছাড়া লিডার্সের কল প্রকল্পের ফিল্ড অফিসার সুমন ঢালী, মোসলেমা পারভীন, তৃষা দত্ত, আনিছুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উপকূলীয় কৃষিনির্ভর জনপদে প্রান্তিক জনগোষ্ঠীর জীবন-জীবিকার অন্যতম গুরুত্বপূর্ণ উৎস গৃহপালিত পশু পালন। এসব পশু থেকে অর্জিত আয় দিয়ে অনেক পরিবার তাদের দৈনন্দিন প্রয়োজন মেটায়। তবে গত কয়েক বছরে বিভিন্ন রোগে গৃহপালিত পশু মারা যাওয়ায় অনেক পরিবার আর্থিক ক্ষতির মুখে পড়েছে।
এ অবস্থায় গরুর ক্ষুরারোগ ও ছাগল-ভেড়ার পিপিআর রোগ প্রতিরোধে সময়োপযোগী এ টিকাদান কর্মসূচি স্থানীয় খামারি ও পশুপালনকারীদের মধ্যে স্বস্তি তৈরি করেছে। বিনামূল্যে টিকা পাওয়ায় প্রান্তিক জনগোষ্ঠী তাদের গৃহপালিত প্রাণিসম্পদকে রোগের হাত থেকে সুরক্ষিত রাখতে পারবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এলাকাবাসী জানান, প্রাণিসম্পদ সুরক্ষায় লিডার্সের এ ধরনের সেবামূলক কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে কালিগঞ্জ উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীর জীবন-জীবিকার মানোন্নয়নে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

















