আব্দুল কাদের 10 November 2026 , 1:43:43 প্রিন্ট সংস্করণ
সাতক্ষীরার শ্যামনগর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় খাবারের মান, পরিবেশ ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় তিনটি খাবারের দোকানকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনকের নেতৃত্বে বাসস্ট্যান্ড সংলগ্ন হাজী বিরিয়ানি হাউজ, হাজী ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টসহ মোট তিনটি প্রতিষ্ঠানে প্রায় ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে পৃথকভাবে জরিমানা করা হয়। এর মধ্যে একটি প্রতিষ্ঠানের মালিক হিসেবে সাইফুল নাম জানা গেছে। অপর প্রতিষ্ঠানের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
অভিযানকালে উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক ব্যবসায়ীদের খাবারের মান বজায় রাখা, স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা এবং ভোক্তাদের সঙ্গে প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার বিষয়ে সতর্ক করেন।
অভিযানে সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুজ্জামানসহ উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে এবং ভোক্তাদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

















