বিশেষ প্রতিনিধি 25 June 2026 , 3:13:39 প্রিন্ট সংস্করণ
সাতক্ষীরার শ্যামনগরে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাতের প্রণোদনা কর্মসূচির আওতায় নারিকেলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে কৃষক ও বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে বিনামূল্যে নারিকেলের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ২টায় শ্যামনগর উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন শামসুজ্জাহান কনক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ালিউল ইসলাম। এ সময় কৃষি বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ এবং উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন।
কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় উপজেলার ৩৫০ জন কৃষক এবং ৫০টি প্রতিষ্ঠানের মাঝে ৫টি করে নারিকেলের চারা, জৈব সার ও ৫টি করে খুঁটি বিতরণ করা হয়। সংশ্লিষ্টরা জানান, এ উদ্যোগ নারিকেল চাষ সম্প্রসারণ, পরিবেশ সংরক্ষণ এবং কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক বলেন, “সরকার কৃষিকে আরও সমৃদ্ধ ও টেকসই করতে বিভিন্ন প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে। নারিকেলসহ বিভিন্ন ফলজ বৃক্ষ রোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি কৃষকদের আয়ও বৃদ্ধি পাবে।”
সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা ওয়ালিউল ইসলাম বলেন, “উপকূলীয় অঞ্চলে নারিকেল একটি সম্ভাবনাময় অর্থকরী ফসল। সঠিক পরিচর্যার মাধ্যমে কৃষকরা এই চারা থেকে ভবিষ্যতে উল্লেখযোগ্য অর্থনৈতিক সুবিধা অর্জন করতে পারবেন।”
উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের যৌথ উদ্যোগে বাস্তবায়িত এ কর্মসূচি কৃষি পুনর্বাসন কার্যক্রমকে আরও বেগবান করবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্থানীয় কৃষকরা।
অনুষ্ঠানটি বাস্তবায়ন করে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি, শ্যামনগর, সাতক্ষীরা।
















