বিশেষ প্রতিনিধি 12 September 2026 , 7:58:57 প্রিন্ট সংস্করণ
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় সরকার ঘোষিত তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর অংশ হিসেবে সাতক্ষীরার শ্যামনগরে ব্যাপক পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে এ অভিযান শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সামসুর নাহার কনক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ জিয়াউর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আমিন, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সোলাইমান কবির এবং শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মো. ছামিউল আযম মনিরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অভিযান চলাকালে উপজেলা পরিষদ চত্বর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। ময়লা-আবর্জনা অপসারণের পাশাপাশি বিভিন্ন স্থানে জমে থাকা পানি ও সম্ভাব্য মশার প্রজননস্থল চিহ্নিত করে পরিষ্কার করা হয়। ডেঙ্গুবাহী এডিস মশা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।
এ অভিযানের ফলে উপজেলা পরিষদ ও স্বাস্থ্য কমপ্লেক্স এলাকার পরিবেশ আরও পরিচ্ছন্ন হয় এবং মশার প্রজননস্থল কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়। একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা বজায় রাখা, বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়া এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের বিষয়ে সচেতনতা সৃষ্টি হয়। 
এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্তভাবে পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করে। সংশ্লিষ্টরা বলেন, শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেক পরিবার ও প্রতিষ্ঠানকে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিতে হবে। ডেঙ্গু প্রতিরোধে এ ধরনের কার্যক্রম আগামী দিনেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।

















