সারাদেশ

শ্যামনগরে তিন বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা, মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী বিনষ্ট

  শ্যামনগর উপজেলা প্রতিনিধি 15 July 2026 , 12:22:19 প্রিন্ট সংস্করণ

সাতক্ষীরার শ্যামনগরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তিনটি বেকারিকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে দুটি বেকারির মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী জব্দ করে তা বিনষ্ট করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামছুজ্জাহান কনক পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে নিউ সুন্দরবন বেকারি, রয়েল ফুডস বেকারি এবং সোনার বাংলা বেকারি-তে অভিযান চালানো হয়।
অভিযানে শ্যামনগর বাজারের নিউ সুন্দরবন বেকারির স্বত্বাধিকারী বিজয় কৃষ্ণ সাহা (পিতা: বলরাম সাহা)-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই আইনের ৫২ ধারায় শ্যামনগর বাজারের রয়েল ফুডস বেকারির স্বত্বাধিকারী মাকসুদুর রহমান (পিতা: মরহুম শেখ আব্দুল মান্নান)-কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া নুরনগর বাজারের সোনার বাংলা বেকারির স্বত্বাধিকারী নিশিকান্ত (পিতা: বিন্দাবন অধিকারী)-কে একই ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে রয়েল ফুডস বেকারি ও সোনার বাংলা বেকারি থেকে উদ্ধার হওয়া মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী জব্দ করে তা জনস্বার্থে বিনষ্ট করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুজ্জাহান কনক জানান, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। ব্যবসায়ীদের আইন মেনে স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রির আহ্বান জানান তিনি।

আরও খবর

Sponsered content