বিশেষ প্রতিনিধি 6 September 2026 , 10:47:29 প্রিন্ট সংস্করণ
সাতক্ষীরার শ্যামনগরে মুরগির খামারে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রাজ্জাক গাজী (৫৭) নামে এক মুরগি খামারির মৃত্যু হয়েছে।
রবিবার সকালে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর (চুনকুড়ি) গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাক গাজী ওই গ্রামের সাবেক ইউপি সদস্য আরশাদ আলী গাজীর বড় ছেলে।
স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার সকালে আব্দুর রাজ্জাক গাজী তার নিজস্ব মুরগির খামারে কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের লাইনে স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
ঘটনার বিষয়টি টের পেয়ে তার স্ত্রী দ্রুত খামারের মেইন সুইচ বন্ধ করে দেন। পরে প্রতিবেশীদের সহায়তায় গুরুতর অবস্থায় তাকে স্থানীয় এক গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবারের পরিবেশ।
এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাফিউল আলম পাটোয়ারী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও মরদেহের বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

















